1:00 am , February 18, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ গঠনের দেড় বছর পরে পূর্নতা পেয়েছে বরিশাল জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি। গতকাল সোমবার প্রথমবারের মত জেলা ছাত্রদলের ৫ পদবীধারী নেতা এক সঙ্গে সংবাদ সম্মেলন। তৃনমূল পর্যায়ে ছাত্রদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক সফরে আসা কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের বরিশাল ইউনিটের সফর সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন হয়। বেলা ১ টায় দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করে সাংগঠনিক সফরে আসা বরিশাল বিভাগের দায়িত্বরত ইউনিটের সফর সূচী তুলে ধরেছে। সূচী অনুযায়ী সোমবার থেকে বরিশাল জেলার ১০ উপজেলার আওতাধীন ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় শুরু করেছে এই জেলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সমন্বয়ে গঠিত বরিশাল ইউনিট। বরিশাল ইউনিটের প্রধান করা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকিরকে। ইউনিটের অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-সম্পাদক শ্যামল মালুম, সহ-সাধারন সম্পাদক ইজাজ এবং বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদল সভাপতি মাহফুজ আলম মিঠু। সংবাদ সম্মেলনে ঘোষিত সূচীপত্র অনুযায়ী গতকাল বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল ইউনিট নেতাদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে সাংগঠনিক সফরের কর্মসূচী শুরু হয়েছে। এর আগে ১৪ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ব বিদ্যালয়ে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা। আজ ১৮ ফেব্রুয়ারি মুলাদী এবং বাবুগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা, কাল ১৯ ফেব্রুয়ারি উজিরপুর এবং বানারীপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা, ২০ ফেব্রুয়ারি হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা, ২১ ফেব্রুয়ারি বরিশাল সদর উপজেলা, ২২ ফেব্রুয়ারি আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ শাখা ইউনিটের সকল ছাত্রদল নেতৃবৃন্দের সাথে সংগঠনের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় করা হবে। এই মত বিনমিয়ে তৃনমূল ছাত্রদল নেতাদের দাবী দাওয়া লিপিবদ্ধ করে তা কেন্দ্রে নিয়ে উপস্থাপন করা হবে। সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজ আলম মিঠু, সাধারন সম্পাদক কামরুল আহসান, সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান, যুগ্ম-সম্পাদক তৌফিক ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী সহ ছাত্রদল জেলার অন্যন্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে দেড় বছর পর হলেও জেলা ছাত্রদল এখন পরিপূর্ন বলে দাবী করেন নেতৃবৃন্দ। দল ও সংগঠনের স্বার্থে এখন জেলা ছাত্রদল এক ও অভিন্ন জানায় তারা। সূত্র মতে, ২০১৮ সালের ১৯ আগষ্ট বরিশাল জেলা ও মহানগর এর ৫/৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। মহানগর ছাত্রদলে এই কমিটি নিয়ে কোন বিভেদ না থাকলেও জেলা ছাত্রদল কমিটি গঠনের পর বিভক্ত হয়ে পরে কয়েকটি বিদ্রোহী দলে। পদবঞ্চিত ছাত্রদল নেতারা তখন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এমনকি তারা কমিটি বাতিল চেয়ে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের বিরুদ্ধে ঝাড়– মিছিলও করে। পার্টি অফিস দখল নিতে চলে দফায় দফায় সংঘর্ষ। জেলার সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী একটি অংশ নিয়ে বিভক্ত হয়ে যান এমনকি তার পদ থেকে ইস্তফা দেন। এর পর থেকে গতকাল পর্যন্ত জেলা ছাত্রদল কমিটি কয়েকটি দলে ভাগ হয়ে চলছিলো। দলের প্রতিষ্ঠা বার্ষিকী তারা পালন করেছেন মোট ৬ টি ভাগে বিভক্ত হয়ে। তবে এখন তারা সব বিভেদ ভুলে এক ও অভিন্ন হয়ে গেছেন বলে জানিয়েছেন। দলের স্বার্থে নিজেদের রাগ ক্ষোভ ভুলে গিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে তারা এমন বিষয়টি চুড়ান্ত করেছেন। আরও বলেছেন দেড় বছর পরে হলেও তারা এক হতে পেরে আনন্দিত। এর পর থেকে জেলা ছাত্রদলে আর কোন ভাগ নেই বলেও নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু। এসময় তিনি সোহেল রাড়ীর সাংগঠনিক সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়ে পুনরায় এই পদে বহালের বিষয় বলেন, তারা দের বছর আগে ইস্তফা পত্র পেয়েছিলেন কিন্তু তারা তা গ্রহন করেননি। কারন সোহেল রাঢ়ী সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং একজন ত্যাগী ছাত্রদল নেতা হিসেবে অন্যতম। জেলা ছাত্রদলের এই সংবাদ সম্মেলনের পূর্বে সকালে কেন্দ্রীয় ইউনিটের নেতৃবৃন্দ জেলা দক্ষিন ও উত্তর বিএনপির নেতাদের সাথে মতবিনিময় করেছেন। সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভাটি হয়। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির।
