1:00 am , February 10, 2020
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় নব্য জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের একটি দল। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। নাঈমের বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বই ও মোবাইলে কিছু ছবি জব্দ করেছে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ “আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালাত আগৈলঝাড়ার নাঈম মোল্লা নামে এক কলেজ ছাত্র। সে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ডিগ্রীতে লেখা-পড়ার পাশাপাশি উপজেলা হাসপাতালের সামনে “মা মেডিকেল হল” নামে একটি ঔষধের দোকানে চাকুরী করত। জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ করাসহ জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় মোবাইল ট্রাংকির এর মাধ্যমে ঢাকা এন্টি টেররিজম ইউনিট এএসপি এমএম রফিউল রজির নেতৃত্বে শনিবার বিকেলে উপজেলার গৈলা হাসপাতালের সামনে ওই ঔষধের দোকান থেকে নাঈমকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। সে গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের চা বিক্রেতা মোঃ নজরুল মোল্লার ছেলে। পরে থানায় তারা নাঈম মোল্লাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মোঃ খায়রুল ইসলাম জানান, নাঈমের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পেয়েছে তারা। নাঈমের পিতা নজরুল মোল্লার পূর্বের বাড়ি উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামে ছিল।
