1:00 am , February 5, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ সদস্যকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। যৌতুকের দাবীতে নির্যাতন মামলার প্রতিবেদন আমলে নিয়ে ওই আদেশ দেয়া হয়। গতকাল মঙ্গলবার এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত ইশা খান পটুয়াখালির শেহাকাঠির মৃত ইয়াসিন খানের ছেলে। ইশা বর্তমানে ভোলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত রয়েছে। আদালত সুত্র জানায়, ২০১৭ সালের ২১ অক্টোবর নগরীর ইছাকাঠি এলাকার বাসিন্দা শাহনাজ আফরোজকে বিয়ে করে ইশা। বিয়ের পরপরই ৫ লাখ টাকা যৌতুক দাবী করে সে। ২০১৮ সালের ৯ নভেম্বর যৌতুকের দাবীতে শাহনাজকে মারধর করে তাড়িয়ে দেয় ইশা। গত বছরের ২৫ নভেম্বর মিমাংসার জন্য স্ত্রী শাহনাজের বাড়িয়ে যায় ইশা। এসময় যৌতুকের টাকা ছাড়া তাকে তুলে না নেয়ার জন্য হুমকি দিলে গত ১ জানুয়ারি শাহনাজ বাদী হয়ে মামলা করে। মামলায় সহকারি ভ’মি অফিসারকে তদন্তের নির্দেশ দেয় বিচারক। ২ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দিলে তা আমলে নিয়ে ইশাকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক।
