3:12 pm , February 1, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেজ ছেলে দৈনিক আজকের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এ্যাডভোকেট কাজী আনোয়ার পারভেজ রানা (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সদা হাস্যোজ্জল ও পরোপকারি রানার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন জানিয়েছেন, রাতে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েন আনোয়ার পারভেজ রানা। পরে তাকে প্রথমে আরিফ মেমোরিয়াল হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই হাসপাতাল থেকে রানার মরদেহ নগরীর কাশিপুর এলাকার নিজ বাড়ি (কাজী বাড়ি) নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুরে কাজী বাড়ি ঈদগাহ্ মাঠে নামাজে জানাজা শেষে পারিবিারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে রানার মৃত্যুর সংবাদে সকাল থেকেই গড়িয়ারপাড় কাজী বাড়ি এলাকার বাসভবনে ছুটে যান বরিশালের বিভিন্ন স্তরের মানুষ। বিশেষ করে সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ রানার পরিবারের প্রতি সমবেদনা জানান। বাদ জোহর কাজী রানার জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, জাতীয় পার্টির উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, ইনডিপেনডেন্ট ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ আকতার ফারুক শাহীন, সাবেক প্যানেল মেয়র কেএম শহিদুল্লাহ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, জেলার সম্পাদক আবুল কালাম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল আলম গুলজার, আবদুল হালিম ভুইয়া, হাসনাইন চৌধুরী, সময় টেলিভিশনের ফেরদাউস সোহাগ, নিউজ২৪ এর রাহাত খান, চ্যানেল২৪এর প্রাচুর্য্য রানা, সমকালের সুমন চৌধুরী প্রমূখ। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা ও ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজার পূর্বে কাজী রানার পিতা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, সরল মনের অধিকারী রানা সকল মানুষের কাছে যে কতটা প্রিয় ছিল আজ এখানে আপনাদের উপস্থিতিই তা প্রমাণ করে। ছেলেকে নিয়ে আমি গর্বিত, গর্বিত তার পিতা হিসেবে। তিনি বলেন, রানা ছিল খুবই মিশুক প্রকৃতির। সে একেবারেই সাদাসিধে জীবনযাপন করত। আমি জানি আমার মত আপনারাও তাকে ভালোবাসতেন। আর সেকারণেই তার জানাজায় এত মানুষ শরিক হয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
