2:00 am , February 1, 2020
পরিবর্তন ডেস্ক ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার বেড়িবাঁধ প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্য প্রায় ৪০০ কোটি টাকার এই পুণর্বাসন প্রকল্পসমূহ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, চলমান কাজ যাতে জুনের মধ্যে শেষ হয় সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প চলমান যার অধিকাংশ এবছরে শেষ করার আশা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্ল্যান বাস্তবায়ন লক্ষ্যে সকল প্রকল্প গৃহীত হচ্ছে এবং আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। পরিদর্শনকালে চট্টগ্রামের সংসদ সদস্য (চট্টগ্রাম-১৬) মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (পরিকল্পনা), প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
