ঢাকা সিটি নির্বাচনী প্রচারণায় নগরীর নেতাদের উত্তাপ ঢাকা সিটি নির্বাচনী প্রচারণায় নগরীর নেতাদের উত্তাপ - ajkerparibartan.com
ঢাকা সিটি নির্বাচনী প্রচারণায় নগরীর নেতাদের উত্তাপ

2:48 pm , January 25, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। এ নির্বাচনে ঢাকার বাইরে রাজধানীর রাজপথে প্রচার প্রচারণার উত্তাপ ছড়াচ্ছে নগরীর নেতারা। আওয়ামী লীগ এবং বিএনপি’র দলীয় প্রার্থীর পক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী এবং বিএনপি নেতা-কর্মীরা ভোটারদের কাছে ছুটছেন। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচারনা ছাড়াও সভা-সমাবেশ করছেন নগরীর আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা।
জানাগেছে, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ ফজলে নূর তাপস এবং উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম। এছাড়া বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণে ইশরাখ হোসেন ও দক্ষিণে তাবিথ আওয়াল।
ভোটের রাজনীতিতে ঢাকার এই দুটি সিটি কর্পোরেশন নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতারা। তাই স্ব স্ব দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দুই দলের সর্বোচ্চ থেকে তৃনমুলের নেতারাও আটঘাট বেধে নেমেছে। বিশেষ করে বরিশালের নেতারা ঢাকার রাজপথ কাপাচ্ছেন প্রচার প্রচারনায়।
ঢাকাস্থ বরিশাল বিভাগ উন্নয়ন সমিতি তথ্যমতে, ‘ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় মোট ভোটারের মধ্যে ১৫ ভাগ ভোটারের বাড়ি বরিশালে। এর ফলে ভোটের হিসাব নিকাশ কশতে হচ্ছে বরিশালের ভোটারদের নিয়ে। এ কারনেই বরিশালের ভোটারদের পক্ষে আনতে ঢাকায় প্রচার প্রচারনায় নেমেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিএনপি’র নেতা-কর্মীরা।
বিশেষ করে সরকার দলীয় আওয়ামী লীগের বরিশালের নেতারা প্রচারনার উত্তাপ ছড়াচ্ছেন দুই সিটির রাজপথে। ঝালকাঠির এমপি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু, ভোলার তোফায়েল আহমেদ, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির মন্ত্রীমর্যায় আহ্বায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস দুই সিটিতে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনা তুঙ্গে উঠিয়েছেন। বিশেষ করে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে বরিশাল মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিশাল একটি টিম ঢাকায় রাত দিন ভোটারদের দারে দারে ছুটছেন।
অপরদিকে থেমে নেই বরিশালের বিএনপি নেতারাও। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে ছুটছেন তারাও। বিশেষ করে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তরের সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদসহ তাদের অনুসারী নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন।
এদিকে ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্রে করে বড় দুটি রাজনৈতিক দলের নেতাদের ঢাকায় উপস্থিতির কারণে নেতা শূণ্য হয়ে পড়েছে বরিশাল সিটি এলাকা। শুধু নেতৃত্ব পর্যায়েই নয়, তাদের অনুসারী নেতা-কর্মী এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরও দেখা মিলছেনা নগরীতে। এ কারনে বরিশাল কেন্দ্রিক দলীয় কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। যদিও ঢাকা সিটি নির্বাচনে প্রচারনাও দলীয় কার্যক্রমের একটি অংশ বলে মনে করছেন দলীয় নেতারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT