2:49 pm , January 24, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নথুল্লাবাদ এলাকায় ইজিবাইকের (ব্যাটারি চালিত রিক্সা) ধাক্কায় নৌ বাহিনীর সদস্য’র পাঁচ বছরের এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন শের-ই বাংলা সড়কে এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর নথুল্লাবাদ এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় তারা শের-ই বাংলা সড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ-বিন-আলম জানান, ‘নৌ বাহিনীর পিআর রফিকুল ইসলাম শের-ই বাংলা সড়কে ভাড়া থাকেন। দু’দিন আগে সে ছুটিতে বাড়িতে আসে। শুক্রবার দুপুরের দিকে পাঁচ বছরের শিশুপুত্র রাকাইনকে (৫) সাথে নিয়ে বাজারে যায়। সেখান থেকে পায়ে হেটে ফেরার পথে পেছন থেকে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত শিশু রাকাইনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবরে এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষনিকভাবে তারা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন পালন করে। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন কালে শের-ই বাংলা সড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের জোর দাবি জানান। পরে প্রশাসনের আশ^াসে কর্মসূচি স্থগিত করে এলাকাবাসি। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘ইতিপূর্বে শের-ই বাংলা সড়কে কোন অটোরিক্সা বা ইজিবাইক চলাচল করতো না। কিন্তু সদর রোড এলাকায় ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হলে কিছু ইজিবাইক শের-ই বাংলা সড়কে চলাচল শুরু করে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ‘স্থানীয় কালাম ওরফে যাত্রা কালাম ও সুলতান শরিফ নামের দুই ব্যক্তি নথুল্লাবাদ পুল থেকে শের-ই বাংলা সড়ক হয়ে নবগ্রাম রোডের কুদঘাটার পুল পর্যন্ত ইজিবাইক চলাচলের জন্য একটি রুট তৈরী করেছে। ওই রুটে অবৈধভাবে নিষিদ্ধ ইজিবাইক চলাচল করছে। যা থেকে প্রতি মাসে মোটা অংকের বিট বানিজ্য করে আসছে কালাম ও সুলতান। এরা ট্রাফিক পুলিশের নাম ভাঙ্গিয়ে বিট বানিজ্য করছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবিও জানান স্থানীয়রা।
