2:45 pm , January 8, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ চোখের পলকেই উধাও হয়ে গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনের ৩২ হাজার টাকা। হাসপাতালের জরুরী বিভাগের সামনে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা পাননি কোন সহযোগিতা। ছিনতাই’র শিকার রোগী মাকসুদা বেগম নগরীর সিএন্ডবি রোডস্থ থানা কাউন্সিল এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর সদরে। মাকসুদা বেগম জানিয়েছেন, ‘হাতের অপারেশন করতে হবে। এজন্য তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু টাকার অভাবে অপারেশন হচ্ছিলো না। তাই অনেক কষ্টে এবং গাছ বিক্রি করে ৩২ হাজার টাকা সংগ্রহ করেন। তিনি বলেন, ‘কষ্টার্জিত পুরো টাকাই মেয়ে জান্নাতের কাছে ছিলো। ওই টাকা সাথে নিয়ে হাসপাতালের জরুরী বিভাগ সংলগ্ন গেটে একটি প্লাস্টিকের বাটি কেনার জন্য বের হন। একশ টাকা দিয়ে বাটি কিনে ফেরার পর পরই সাথে থাকা ৩২ হাজার টাকা খুঁজে পাননি।
মাকসুদা বেগম বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকায় সিসি ক্যামেরা রয়েছে। মানুষের পরামর্শ অনুযায়ী সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য হাসপাতাল পরিচালকের কার্যালয়ে গিয়েছি। কিন্তু কার্যালয়ের সামনে থাকা ব্যক্তিরা পরিচালকের সঙ্গে দেখাই করতে দেননি। বরং তারা সিসি ক্যামেরা চেক করার জন্য সিটি কর্পোরেশনে পাঠিয়ে দেন। মাকসুদা বেগম বলেন, ‘বুধবার দুপুরে সিটি কর্পোরেশনে গিয়েছিলাম। সেখানে গিয়ে যানতে পারি সকল সিটি ক্যামেরা নষ্ট। তাছাড়া সহযোগিতার জন্য থানায়ও গিয়েছি। কিন্তু সেখান থেকেও কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ হত দরিদ্র ওই নারীর। এর ফলে কষ্টার্জিত অর্থ হারিয়ে পাগল প্রায় মাকসুদা বেগম। কেননা এই টাকার অভাবে তার অপারেশন এবং চিকিৎসাও থেমে গেছে। তাই প্রশাসনের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন অসহায় এই নারী।
