মেয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাবেক কাউন্সিলর এসএম জাকির মেয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাবেক কাউন্সিলর এসএম জাকির - ajkerparibartan.com
মেয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাবেক কাউন্সিলর এসএম জাকির

3:25 pm , October 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নিজের ভুল স্বীকার করে নিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। গত ৮ অক্টোবর নিজ বাড়ি’র অবৈধ অংশ উচ্ছেদের বিষয়টি না বুঝেই পরিস্থিতি ঘোলাটে করেন তিনি। তার ভুলের কারনে সিটি কর্পোরেশনের ভাবমুর্তি ক্ষুন্নসহ কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা ব্যথিত হয়েছেন বলে দোষ স্বীকার করে নিয়েছেন। আর এসব কারনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মহানগর আওয়ামী লীগের এই এসএম জাকির হোসেন। গতকাল শুক্রবার বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএম জাকির মেয়র এবং ওই দিন ঘটনার সময় উপস্থিত কাউন্সিলর ও বিসিসি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ক্ষমা প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসএম জাকির হোসেন বলেন, ‘গত ৮ অক্টোবর সিটি কর্পোরেশনের একটি দল আমার বাড়ির নির্মানাধীন ভবনের অননুমোদিত বর্ধিতাংশ (র‌্যাম) উচ্ছেদ করতে যায়। এসময় আমি পুরো বিষয়টি অবগত না হয়েই তাৎক্ষনিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করি। স্থানীয় কিছু মানুষ আমার প্রতিবাদের সাথে প্রতিবাদ করে। তারাও উচ্ছেদে বাঁধা দেয়। এতে সিটি কর্পোরেশনের কর্মীরা আইনের প্রতি সম্মান দেখিয়ে এক পর্যায় উচ্ছেদ অভিযান স্থগিত করে। এসময় আমি বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে না পেরে সিটি কর্পোরেশনের কর্মীদের কাছ থেকে মুচলেকা রাখার চেষ্টা করি। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ আমাকে মুচলেকার বিষয়টি আইনসিদ্ধ নয় বলে বুঝিয়ে বললে আমি আমার ভুল বুঝতে পারি।
এসময় বিসিসি’র প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্না ও তৌহিদুর রহমান ছাবিদসহ প্রায় ২০ জন কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজেস্টেটসহ কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।
এসএম জাকির নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আমার পরিবার এবং এলাকাবাসীর আচরন ও কথায় ওই সময় তারা মর্মাহত হয় এবং সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এমন আচরনের জন্য আমি দুঃখিত। একই সাথে পুরো ঘটনার জন্য জননন্দিত নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
এছাড়া ৮ অক্টোবরের ওই ঘটনাকে একটি ভুলবোঝাবুঝি উল্লেখ করে সাবেক কাউন্সিলর এসএম জাকির বলেন, আমি আইনের প্রতি সম্পূর্ন শ্রদ্ধাশীল। ওই ঘটনাকে কেন্দ্র করে আমার নিয়ন্ত্রনাধীনসহ কয়েকটি পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আহত হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। একই সাথে নিজ দায়িত্বে সিটি কর্পোরেশনের আইন মেনে বর্ধিতাংশ অপসারনসহ নগরীর সকল উন্নয়ন কাজে সহযোগিতা করার অঙ্গিকার করেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT