3:17 pm , July 23, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল-এর সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের খালেক বাহিনীর দুই নৌ দস্যু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংলার খাল এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে র্যাবের টহল দলকে লক্ষ্য করে নৌ দস্যুরা গুলি বর্ষন করলে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২-৩ ঘন্টা উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে। গুলি বর্ষন বন্ধ হলে টহল দল স্থানীয় জেলেদের সহায়তায় বনাঞ্চল তল্লাশী শুরু করে। প্রায় দুই ঘন্টা তল্লাশী করে টহল দল সুন্দরবনের নৌ দস্যু ‘‘খালেক বাহিনীর’’ দুই সক্রিয় সদস্যকে আহতবস্থায় উদ্ধার করে। দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। টহল দল ঘটনাস্থল হতে ৩টি একনালা বন্দুক, ৩টি ওয়ান শুটার গান, ৪টি পাইপগান ও দেশীয় ধারালো অস্ত্রসহ প্রচুর পরিমাণ গোলাবারুদ উদ্ধার করার কথা জানিয়েছে।
সুন্দরবন সংলগ্ন নদী বিধৌত অঞ্চলে একাধিক নৌদস্যু বাহিনী বিপুল সংখ্যক নিরীহ মৎস্যজীবি অপহরণ, মুক্তিপন আদায়সহ হতাহতের ঘটনা ঘটিয়ে আসছে। বিগত সময়ে র্যাব-৮ এর ক্রমাগত অপারেশনে একাধিক নৌদস্যু বাহিনীর প্রধান নিহত হওয়ার পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদসহ ২৮৪ জন জলদস্যু ইতোমধ্যে আত্মসর্মপন করেছে। উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক দেশীÑবিদেশী অস্ত্র ও গোলাবারুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১লা নভেম্বর সর্বশেষ আত্মসমর্পনের মাধ্যমে সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যু মুক্ত ঘোষনা করেছেন। সুন্দরবনকে জলদস্যু অবমুক্ত রাখতে র্যাব-৮ নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।
