3:14 pm , June 29, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ কাউন্সিলরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে খোদ সিটি কর্পোরেশন। এর আগে উচ্ছেদ অভিযানে বাধা এবং কর্মচারীদের উপর হামলার ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার দুপৃুর সাড়ে ১২টায় নগরীর ৩০নং ওয়ার্ডে গড়িয়ারপাড় এলাকায় স্থানীয় কাউন্সিলর কালাম মোল্লার নির্মানাধীন ৫টি দোকানের আরসিসি কাঠামোবুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানোর সময় কর্পোরেশনের সড়ক পরিদর্শক, কর্মচারী ও আনসার উপস্থিত ছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত ছিল। এর আগে শুক্রবার বিকালে একই স্থাপনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধার সম্মুখিন হন কর্মকর্তা কর্মচারীরা। এসময় কর্পোরেশনের রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও মীর মাসুদ রানার উপর হামলা করে কাউন্সিলর কালাম মোল্লা। এই ঘটনায় সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর হামলার শিকার মীর মাসুদ রানা বাদী হয়ে কালাম মোল্লাকে অভিযুক্ত করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। উচ্ছেদ অভিযানের বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জানান, গড়িয়ার পার এলাকায় মোট ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, সিটি কর্পোরেশনের কর্মচারীদের উপর হামলার ঘটনায় কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
