শেবাচিমের ইন্টার্ন চিকিৎসক নিখোঁজ শেবাচিমের ইন্টার্ন চিকিৎসক নিখোঁজ - ajkerparibartan.com
শেবাচিমের ইন্টার্ন চিকিৎসক নিখোঁজ

3:16 pm , June 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন হোস্টেল থেকে চিকিৎসক এএসএম সাইদ সোহাগ গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় বুধবার রাতে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়ের করা হয়েছে। যার নম্বর ১৩১০। নিখোঁজ সাইদ সোহাগের বাড়ি ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধিন সরুপপুর গ্রামে। তিনি ওই গ্রামের মশিউর রহমানের ছেলে। শেবাচিম হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে থেকে পিজিটি (পোস্ট গ্রাজুয়েশন) কোর্স করছিলেন সাইদ সোহাগ। নিখোঁজ সাইদ সোহাগের বড় ভাই শামীম সরোয়ার জানান, সাইদ ইন্টার্নশিপ শেষ করে পিজিটি করছিলো। লেখা-পড়ার সুবাদে সে ইন্টার্ন হোস্টেলের নীচতলার একটি কক্ষে থাকতো। তিনি বলেন, গত ২৩ জুন ভোর রাত সাড়ে ৪টার দিকে তন্ময় নামের এক লোক আমাকে ফোন করে জানায় সাইদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে সাইদের নম্বরে ফোন করা হলে প্রথমবার কেউ রিসিভ করেনি। তবে দ্বিতীয় ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। শামীম সরোয়ার বলেন, সাইদের খোঁজ না পেয়ে ইন্টার্ন হোস্টেলে এসে দেখতে পান সাইদের ব্যবহৃত মোবাইল সেট তার কক্ষের মেঝেতে পড়ে আছে। মানিব্যাগ টেবিলের ওপর। জামা-কাপড় এবং বইপত্র সহ অন্যান্য মালামাল সব কিছুই ঠিকঠাক রয়েছে। শুধু সাইদ নেই। এদিকে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম থানায় জিডি’র বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা জানিয়েছে, নিখোঁজ ইন্টার্ন চিকিৎসক সাইদ সোহাগকে কেউ ফরিদপুরে দেখতে পায়। এমন খবর পেয়ে স্বজনরা সেখানে ছুটে যান। কিন্তু সেখানে গিয়েও তারা সাইদ সোহাগকে খুঁজে না পেয়ে থানায় জিডি করেছে। ওসি বলেন, সাইদের মোবাইল, মানিব্যাগ সবই তার কক্ষে পড়ে রয়েছে। কিন্তু শুধুমাত্র তার নিখোঁজ হওয়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তবে তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। খুব শিঘ্রই তাকে খুঁজে বের করতে পারবেন বলে আশাব্যক্ত করেছেন ওসি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT