3:09 pm , April 9, 2019
প্রতিবেদক ॥ কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উজিরপুর বি এন খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষকে পৃথক তিন ধারায় ৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৮ মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ দন্ড দেন বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মহাসিনুল হক। দন্ডিত আব্দুর রহিম উজিরপুর বি এন খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। আদালত সুত্র জানায়, আব্দুর রহিম ১৯৮৩ সালের ১৭ আগষ্ট কলেজে কর্মরত থাকা অবস্থায় ৬ জন চতুর্থ শ্রেনীর কর্মচারীর বেতন ৫৯ হাজার ১৯৪ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আলতাফ হোসেন বাদী হয়ে ২০০৩ সালের ২৩ জানুয়ারি দুর্নীতি দমন আইনে মামলা করেন। মামলার বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে ২০১১ সালের ২৫ আগষ্ট আদালতে চার্জশীট জমা দেয় দুদকের সহকারি পরিচালক ওয়াজেদ আলী গাজি। মামলায় ১২ জনের সাক্ষ্য নিয়ে অভিযোগ প্রমানিত হওয়ায় ৪০৬ ধারায় ১ বছর ১ লাখ অনাদায়ে ২ মাস, ৪৬৮ ধারায় ৩ বছর ৩ লাখ অনাদায়ে ৩ মাস ও ৪৭৭ ধারায় ৩ বছর ৩ লাখ অনাদায়ে ৩ মাসের দন্ড দেয়া হয়। রায় ঘোষনার সময় দন্ডিত আব্দুর রহিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
