4:02 pm , March 14, 2019
নিজস্ব প্রতিবেদক \ পাঁচ দফা দাবীতে নগরীতে মানববন্ধন করেছে পিটিআই‘র ২০১৯-২০ শিক্ষা বর্ষের ডিপিএড প্রশিক্ষনার্থীরা (সহকারী শিক্ষক)। গতকাল বৃহস্পতিবার বেলা সকাল ১০টায় নগরীর সাগরদী পিটিআই ক্যাম্পাসে এই মানববন্ধন করা হয়। সাগরদী পিটিআই প্রশিক্ষণার্থী সংসদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম জাফর। মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কোন গ্রেড বৈষম্য রাখেননি। কিন্তু বর্তমানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই প্রাথমিক সহকারী শিক্ষকদের বৈষম্য দুর করা সহ ৫ দফা দাবী মেনে নেয়ার দাবী জানান বক্তারা। দাবীগুলো হলো- ‘প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারন করা, সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করা, শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া ও ডিপিএড/সি-ইন-এড / বিএড প্রশিক্ষন প্রাপ্ত সহ উন্নত স্কেলে শিক্ষকদের উচ্চতর ধাপে বেতন নির্ধারন করার দাবী জানিয়েছেন শিক্ষকরা। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. শহিদুল্লাহ খান, মো. মনিরুজ্জামান, স্বপন কুমার দাস, হাসানাত ইব্রাহিম, মো. মাহতাব হোসেন, সুজন চন্দ্র মজুমদার, উত্তম কুমার, মো. শফিকুল ইসলাম, জেসিকা স্বর্ণা, জলিল বেপারী, মো. এনায়েত হোসেন, নিনা আক্তার প্রমুখ।
