চিকিৎসক পদায়নে নতুন রেকর্ড বিভাগে নিয়োগ পেয়েছেন ৩৫৪ জন চিকিৎসক পদায়নে নতুন রেকর্ড বিভাগে নিয়োগ পেয়েছেন ৩৫৪ জন - ajkerparibartan.com
চিকিৎসক পদায়নে নতুন রেকর্ড বিভাগে নিয়োগ পেয়েছেন ৩৫৪ জন

2:58 pm , December 9, 2019

হেলাল উদ্দিন ॥ বরিশাল বিভাগে দীর্ঘ বছর ধরে চলমান ভয়াবহ চিকিৎসক সংকটের নিরসন হচ্ছে। দক্ষিনাঞ্চলের মানুষদের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এ বিভাগে নিয়োগ দেয়া হয়েছে ৩৫৪ জন চিকিৎসক। যা বিভাগে রেকর্ড। ওই সংখ্যক এই চিকিৎসক নিয়োগের ফলে এ অঞ্চলে সংকট শব্দটি অনেকটাই উঠে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে মন্ত্রনালয় শুধু উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পদায়ন নির্ধারন করে দেয়ায় তৈরী হয়েছে নতুন সমস্যার। কারন মন্ত্রনালয়ের পদায়ন আদেশে বেশীর ভাগ শূন্য পদ পূরনে তারতম্য রয়েছে। কোন স্থানে শূন্য পদ পূরন করা হয়েছে প্রায় শতভাগ আবার কোন স্থানে শূন্য পদের অর্ধেক। অন্যদিকে জেলা সদর হাসপাতাল ও বিষেশায়িত হাসপাতালে নতুন এ চিকিৎসকদের মধ্য থেকে একজনকেও পদায়ন করা হয়নি। অথচ জেলা ও বিভাগীয় হাসপাতালেই প্রয়োজন হয় বেশী চিকিৎসকের। কারন আস্থার দিক দিয়ে জেলা ও বিভাগীয় হাসপাতালেই রোগী চাপ বেশী থাকে। সংশ্লিষ্টরা বলছে প্রাথমিক পদায়নের পর বিভিন্ন সমস্যা ও জটিলতা দেখা দেয়, যা পর্যবেক্ষন করে মন্ত্রনালয় সমাধানমূলক ব্যবস্থা গ্রহন করে থাকে। সেক্ষেত্রে হয়ত শীঘ্রই পদায়নে ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা বিভাগীয় স্বাস্থ্য অফিসকে নির্দেশনা প্রদান করবে স্বাস্থ্য মন্ত্রনালয়। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ বলেন, বিভাগের ৬ জেলায় সহকারী সার্জন বা মেডিকেল অফিসারের পদ শূন্য ছিলো প্রায় সাড়ে ৩’শ। বলতে গেলে ৯০ ভাগের বেশী পদ পূরন হয়েছে। আশা করছি চিকিৎসা ব্যবস্থায় বিভাগে আমুল পরিবর্তন আসবে। তবে স্থান ভেদে নতুন ও পুরাতন চিকিৎসকদের সংমিশ্রনে পদায়ন ভারসাম্য আনার প্রয়োজনীয়তা রয়েছে। আশা করছি মন্ত্রনালয় এ বিষয়ে দ্রুত নির্দেশনা প্রদান করবে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান বলেন, বৃহৎ আকারের নিয়োগে ছোটখাটো বিষয় উঠে আসাটা স্বাভাবিক। সব সমস্যার সুষ্ঠু সমাধান হবে। রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ৩৯তম বিশেষ বিসিএস ব্যাচের পদায়ন তালিকা প্রকাশ করেছে। এতে সারা দেশে মোট ৮ হাজার ১৩৮ জন সহকারী সার্জন এবং ২৩৬ জন সহকারী ডেন্টাল সার্জন পদায়ন করা হয়। বরিশাল বিভাগের ৬ জেলায় পদায়ন করা হয় মোট ৩৩৬ জন সহকারী সার্জন। যার মধ্যে বরিশাল জেলায় রয়েছে ৮২ জন ভোলায় ৬০ জন পটুয়াখালীতে ৬৯ জন পিরোজপুরে ৪৭ জন ঝালকাঠিতে ৩৩ জন এবং বরগুনায় ৪৫ জন। এছাড়া বানারীপাড়া, বাবুগঞ্জ, হিজলা, দৌলতখান, আগৈলঝাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, নাজিরপুর, দশমিনা, দুমকি, আমতলী, মেহেন্দীগঞ্জ, কাউখালী, নেছারাবাদ, ভান্ডারিয়া, বামনা, মূলাদী, নলছিটি উপজেলায় একজন করে মোট ১৮ জন সহকারী ডেন্টাল সার্জন পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব স্থানে যোগদান করতে নির্দেশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই পদায়ন আদেশে আরো বলা হয়েছে যে সব স্থানে নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে। সেই পদে কেউ কর্মরত থাকলে তিনি (পুরাতন জন) অবমুক্ত বলে বিবেচিত হবেন এবং পরবর্তী পদায়নের জন্য তাকে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করতে হবে। উল্লেখ্য বিভাগে ১ হাজার ১৩১ টি পদে বিপরীতে চিকিৎসক শুন্য পদ ছিলো ৭৬২ টি। যার মধ্যে মেডিকেল অফিসার বা সহকারী সার্জন পদ ছিলো প্রায় ৩৫০ টি এবং সহকারী সার্জন ডেন্টাল পদ প্রায় ৩০ টি। বাকিগুলো বিশেষজ্ঞ চিকিৎসক পদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT