2:58 pm , November 3, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ও উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে নগরীর সিএন্ডবি রোড এবং অপরটি গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে। নিহতরা হলেন- উজিরপুরের বাসিন্দা বজলু খানের স্ত্রী নুরজাহান বেগম (৪০) এবং অপরজন গৌরনদীর পিঙ্গলাকাঠী গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর স্ত্রী সুমিতা বেগম (৬৫)। তথ্য নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান স্বজনদের বরাত দিয়ে জানান, ‘উজিরপুরের বাসিন্দা নুরজাহান বেগম শনিবার রাতে নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা মেয়ে মমতাজের বাড়ি থেকে সিএন্ডবি রোড দরগাহ বাড়ি এলাকায় অপর এক আত্মিয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি সিএন্ডবি রোডের ১ নম্বর পুল এ অটোরিক্সা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন। এসময় একটি বালুবাহি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এদিকে ঘটনার পর পরই স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে চালককে গণধোলাই দেয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকসহ চালককে আটক করে।
অপরদিকে শনিবার (০২ নভেম্বর) দুপুরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন গৌরনদীর পিঙ্গলাকাঠী গ্রামের বৃদ্ধা সুমিতা বেগম। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা এবং পরে বিকেল ৫টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, আপতত গৌরনদীর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে নগরীতে সড়ক দুর্ঘটনায় যে মৃত্যু হয়েছে ওই ঘটনায় নিয়মিত মামলা হবে। তাই মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
