মেয়র পদে ডা. মনীষার মনোনয়ন ফরম ক্রয় মেয়র পদে ডা. মনীষার মনোনয়ন ফরম ক্রয় - ajkerparibartan.com
মেয়র পদে ডা. মনীষার মনোনয়ন ফরম ক্রয়

5:51 pm , June 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনের মনোনয়ন বিক্রি অব্যাহত রয়েছে। কার্যক্রম শুরুর ১২ দিনের মাথায় মেয়র পদে আরো একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনোনিত প্রার্থী জেলা বাসদ’র সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। গতকাল রোববার তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জন। তবে আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষনা হলেও এখন পর্যন্ত তারা নির্বাচন কমিশনের মনোয়ন সংগ্রহ করেননি।

অপরদিকে মেয়র পদ ছাড়াও সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদেও মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত মেয়র সহ তিনটি পদের বিপরীতে মোট ১৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া গতকালই প্রথম দুটি ওয়ার্ডের সাধারণ আসনের দুই কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন। সে অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ২৮ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। হিসাব অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার জন্য আর মাত্র চারদিন সময় আছে। আর তাই এরই মধ্যে নির্বাচন কার্যক্রম শুরুর পরে এ পর্যন্ত মোট ৩টি পদের বিপরীতে মোট ১৫৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ এবং মাত্র দু’জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। যারা মনোনয়ন সংগ্রহ করেছে তার মধ্যে ৫ জন মেয়র, ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৪ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন কিনেছেন। শনিবার পর্যন্ত সংগ্রহীত মনোনয়নপত্রের সংখ্যা ছিলো ৪টি মেয়র সহ মোট ১২৯টি।

তিনি বলেন, গতকাল রোববার মেয়র পদে ডা. মনিষা চক্রবর্তী নামের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তাছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৫টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে আরো ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT