4:27 pm , February 24, 2026
কাঠালিয়া প্রতিবেদক ॥
কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটকের সময় পুলিশের এক এএসআইকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সে পালাতে পারেনি এবং পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এএসআই রতন কৃষ্ণ হাওলাদার ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদার কে আটক করে। সে উপজেলার চেচরী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
এ সময় আটককৃত সুজন হঠাৎ পালানোর চেষ্টা করে এবং এএসআই রতন কৃষ্ণ হাওলাদারকে কামড় দিয়ে দৌঁড় দেয়। তবে উপস্থিত পুলিশ সদস্যদের তৎপরতায় সে পালাতে পারেনি।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাসের রাহান জানান, ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয় এবং ৮ পিস ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।
