3:30 pm , March 29, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বজনদের হামলায় একজন প্রতিবন্ধি সহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বরগুনার বেতাগী উপজেলার শরিশামুড়ি ইউনিয়নের দক্ষিণ চালিতাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহত তিনজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- দক্ষিণ চালিতাবাড়ি গ্রামের প্রতিবন্ধি আব্দুস ছত্তার মৃধা ও তার দুই ছেলে মামুন মৃধা এবং সুমন মৃধা। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত আব্দুস ছত্তার মৃধা। তিনি জানান, জমি নিয়ে তার চাচাত ভাই কবির মৃধা’র সাথে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কবির মৃধা, তার মা সুফিয়া বেগম, স্ত্রী খশি আক্তার ও সহযোগী চান্দু খান সহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে প্রতিবন্দি ছত্তার মৃধা ও তার পরিবারের উপর লাঠি-সোটা নিয়ে হামলা করে। এতে ছত্তার মৃধা ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ছত্তার মৃধা জানিয়েছেন, ঘটনার পর পরই তারা স্থানীয় থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ দিয়ে এসেছেন। পুলিশের বরামর্শ অনুযায়ী আগে চিকিৎসা গ্রহনের জন্য তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় তারা মামলা করবেন বলেও জানিয়েছেন।
